যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক, উন্মোচন হলো নামফলক
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শহরটির গুরুত্বপূর্ণ একটি সড়কের অংশের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার প্রস্তাব করেছে শিকাগো সিটি কাউন্সিল।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে-বিষয়ক কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদনের সুপারিশ করেছে। তবে পূর্ণ সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের পরই নামকরণ কার্যকর হবে।
প্রস্তাব অনুযায়ী, শিকাগো শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নতুন সম্মানসূচক নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
সড়কটির অংশটি ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এবং বিখ্যাত উইলিস টাওয়ারের কাছাকাছি অবস্থিত।
উল্লেখ্য, উইলিস টাওয়ার আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ভবনটির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের খ্যাতিমান স্থপতি ও প্রকৌশলী ফজলুর রহমান খান। তাঁর স্থাপত্য ও প্রকৌশল অবদান শিকাগোর আকাশচুম্বী ভবনগুলোর ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
শিকাগোর ৩৬তম ওয়ার্ডের অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খালেদা জিয়ার নামে সড়কের একটি অংশের সম্মানসূচক নামকরণের প্রস্তাবটি সিটি কাউন্সিলে উত্থাপন করেন। পরে প্রস্তাবটি পরিবহন ও পাবলিক ওয়ে-বিষয়ক কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবের নথিতে খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা, রাজনৈতিক নেতৃত্ব এবং জনসেবার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
নামকরণের প্রস্তাবে বলা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তাঁর অবস্থানের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর সরকারের উদ্যোগের কথাও প্রস্তাবের নথিতে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়েছে।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উদ্যোগ ও সহযোগিতায় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাবটি সামনে আসে।
আরও পড়ুনঃ সৌদি আরবে গিয়ে কোথায় হারালেন রমজান? ছেলের অপেক্ষায় ঋণের বোঝায় দিশেহারা বাবা
প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর অবদান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্রাম্যাক শহরে খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার শিকাগোতে নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে তাঁর নামে সম্মানসূচক সড়কের নামকরণের আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি হবে।
শিকাগো সিটি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের নামফলক ও প্রয়োজনীয় নির্দেশনা স্থাপনের ব্যবস্থা নিতে পারবে। ফলে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।



