জাতীয়

নাটোরে উদ্ধার সেই জার্মান পর্যটকের ল্যাপটপ, এখনো মেলেনি ক্যামেরা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর তাঁর ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর কুমার শাহা নামের এক শিক্ষার্থী ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো উদ্ধার করা যায়নি পর্যটকের চুরি হওয়া ক্যামেরা।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন বিদেশি নাগরিকের ল্যাপটপসহ ব্যাগ হারানোর ঘটনাটি দেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করেছিল।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারে নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে খোঁজ নেওয়া হয়। একপর্যায়ে ল্যাপটপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার শাহা নামের ওই শিক্ষার্থীর কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, অন্তর পুলিশকে জানিয়েছেন, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মাধনগর স্টেশনে তাঁর বাবা অমল কুমার শাহা সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নওগাঁয় নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং বিষয়টি ছেলের সঙ্গে আলোচনা করেন।

রোববার ল্যাপটপটি চালু হওয়ার পর এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, ল্যাপটপের মালিক ক্রিল ল্যান্ডারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। ল্যাপটপ উদ্ধারের খবর পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ল্যাপটপের পরিচয় ও এর ভেতরে থাকা তথ্য যাচাই করে সেটি নিজের বলে নিশ্চিত করেছেন তিনি।

তবে সিসিটিভি ফুটেজে ল্যাপটপের ব্যাগ নিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তাঁকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ রঙের ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।

চুরি হওয়া মালামাল উদ্ধারের আশায় বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন। তবে সে সময় তাঁর মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান তিনি।

এদিকে, ক্রিল ল্যান্ডারকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button