জাতীয়

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ পরিস্থিতিতে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সানায় হামলা চালানো হলে এসব স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে বলা হয়, সৌদি জোট সানায় হামলা চালালে সৌদি আরবের দাম্মামে আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং শহরটির আরামকোর তেল শোধনাগারে হামলা চালানো হবে। এ কারণে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যেতে এবং সেগুলোর আশপাশ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালানোর ঘোষণা দেন। একই সঙ্গে ওই স্থাপনার আশপাশে থাকা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি আরব।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সানায় হামলার ঘোষণা দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।

এদিকে মঙ্গলবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ড্রোন ছুড়েছে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা সেগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button