
ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শেষ দিকে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে বৈঠকটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছে নতুন করে অনুরোধ জানানো হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই দুই দেশের মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিন আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে আসন্ন সংলাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



