আন্তর্জাতিক

নিয়োগের পাঁচ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্ব নেওয়ার শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখে পড়েছিলেন জাচারিয়া। তাঁর আইনি পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি সংবাদ ব্রিফিং ও বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ও উপস্থাপনা নিয়েও সমালোচনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি পদ ছাড়ছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে জাচারিয়ার বিদায়ে একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে হারালেন ট্রাম্প। এ সময়ে প্রশাসনের অর্জন তুলে ধরা এবং কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে কাজ করছে তাঁর সরকার।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প জানান, দায়িত্ব নেওয়ার পরপরই সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি জাচারিয়াকে চাকরিতে থাকা নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন।

ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, আমার মনে হয় তুমি সুখী হতে চাও। আমি নিশ্চিত নই, এ ধরনের দায়িত্বে তুমি সুখী হতে পারবে কি না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম। তুমিও ভেবে দেখো। আমি অবশ্যই পুনর্বিবেচনা করতাম।”

গত ১২ অক্টোবর সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন কেটি জাচারিয়া। পরদিন মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তিনি। জাচারিয়া জানিয়েছিলেন, গত ৭ অক্টোবর প্রেস সেক্রেটারি পদের জন্য তিনি একটি ফোন পান। এর এক সপ্তাহ আগে তাঁকে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর পেশাগত অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে। জাচারিয়া দাবি করেছিলেন, তিনি আগে আইন পেশায় যুক্ত ছিলেন। ট্রাম্পও তাঁকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

বুধবার ইমেইলে দেওয়া এক বিবৃতিতে জাচারিয়া বলেন, “আমি যথাযথ যোগ্যতা নিয়েই আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন চর্চা করেছি।”

তবে বার্তা সংস্থা রয়টার্স এমন কোনো নথি খুঁজে পায়নি, যা প্রমাণ করে যে পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই স্নাতক যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন অথবা কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাচারিয়া জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেই কেউ আইনজীবী হিসেবে কাজ করতে পারেন না। এ জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার অ্যাসোসিয়েশনে সদস্যপদ বা আইন পেশায় প্রবেশের অনুমোদন প্রয়োজন।

জাচারিয়াকে বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে ইমেইল করা হলেও তিনি কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। অথচ শুক্রবার এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের জাচারিয়া বলেছিলেন, সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার জন্য তিনি অপেক্ষা করছেন।

এ বিষয়ে অবগত দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাঁর প্রশাসন নিয়ে সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনে অসন্তুষ্ট ছিলেন। প্রশাসনের অর্জন আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন, এমন একজন নতুন মুখপাত্র খুঁজছিলেন তিনি। সেই ভাবনা থেকেই জাচারিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল।

শুক্রবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনো তাড়া নেই।

জাচারিয়ার দ্রুত বিদায়ের ফলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারীদের একজন হয়ে উঠতে পারেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এত দিন ট্রাম্প প্রশাসনে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনের রেকর্ডটি ছিল তাঁর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের রেকর্ডের প্রসঙ্গ টেনে অ্যান্থনি স্কারামুচি লেখেন, “রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি। তবে অন্যের কষ্টে আমি কোনো আনন্দ পাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button