আন্তর্জাতিক

প্যারিসে বিক্ষোভের মধ্যে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। রাজধানী প্যারিসে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক অ্যাডলিনা ক্যাম্পবেল প্যারিস থেকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের একটি অংশ দোকানপাটে লুটপাট চালানোর পাশাপাশি কাচের বোতল ছুড়ছেন। এতে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বাইরে থেকে আসা বহু বিক্ষোভকারী এখনো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন বলেও জানান তিনি।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিক্ষোভকারীদের নিজেদের মধ্যেও মারামারির ঘটনা ঘটছে। বর্তমান পরিস্থিতিতে প্যারিসের রাস্তায় বের হওয়া নিরাপদ নয় বলে জানিয়েছেন বিবিসির এই সাংবাদিক।

অন্যদিকে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে লুটপাটে বেশি জড়াচ্ছেন তরুণেরা। তাঁরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগও করছেন।

সিএনএনের এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তিনি অন্তত একটি দোকানে লুটপাটের ঘটনা দেখেছেন। এ ছাড়া একটি বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। ওই সময় সরু সড়কটিতে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

সিএনএনের ওই সাংবাদিক আরও জানান, তাঁর সামনেই বিক্ষোভকারীরা একটি খেলনার দোকানে লুটপাট চালান। পরে দোকান থেকে নেওয়া খেলনাগুলো বাইরে এনে সবার সামনে খুলে দেখেন তাঁরা। এ সময় লুটপাটে অংশ নেওয়া ব্যক্তিদের নিজেদেরই সেসব ঘটনার ভিডিও ধারণ করতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button