আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮ সেনা নিহত, বেসামরিক প্রাণহানি ৩

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে লড়াইয়ে আট সেনা নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে লাহিজে আট সেনা নিহত হওয়ার তথ্য জানায় ইয়েমেনের সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক অক্ষ এক বিবৃতিতে জানায়, প্রদেশটির আল-মাকাতিরাহ ফ্রন্টে সংঘর্ষের সময় ওই সেনারা নিহত হন।

তবে সংঘর্ষের পরিস্থিতি ও হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী রয়েছেন। ইয়েমেনের একটি সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে শুরু হওয়া সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় নতুন করে প্রাণহানির এসব ঘটনা ঘটল। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। ওই যুদ্ধবিরতির পর এটিকে দেশটিতে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে ইয়েমেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। একই সঙ্গে দেশটির মানবিক সংকটও গভীর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button