Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ভারতে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত গরু জবাইয়ের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতের বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি থেকে সংস্কৃত ভাষায় লেখা শ্লোক পড়ে শোনান। ওই শ্লোকে গরুকে বিশ্বমাতা এবং বিশ্বের কল্যাণের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। তাঁদের বিরুদ্ধে গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ সাজা দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাইয়ের অভিযোগে ২০২৪ সালের আগস্টে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাঁদের কাছ থেকে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধার করা হয়েছিল বলে জানায় এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, গোপন সূত্রে পুলিশ খবর পায়, জামলা গ্রামের ধাঙ্কিনশ এলাকার একটি বসতবাড়িতে গরুর মাংস রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ধারালো ছুরি, মাংস ওজন করার পাল্লা এবং পরিবহনের জন্য ব্যবহৃত একাধিক যানবাহন পায়। বাড়িটিতে জীবিত গরুও পাওয়া যায়। পরে সেগুলোকে স্থানীয় একটি গরুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানার আদেশ দেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button