Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে বিলম্ব, লাগতে পারে আরও কয়েক দিন

পর্যটন মৌসুম শুরু হলেও দাপ্তরিক অনুমোদনসংক্রান্ত জটিলতায় আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে দ্বীপে ভ্রমণের প্রস্তুতি নেওয়া পর্যটকদের জাহাজ চলাচল শুরুর জন্য অপেক্ষা করতে হচ্ছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানিয়েছেন, চলতি মৌসুমে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পাওয়া গেছে। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কিছু দাপ্তরিক কাজ এখনো বাকি। এসব প্রক্রিয়া শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য জানান।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এ জন্য দ্বীপ ভ্রমণে সরকারের জারি করা শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত অংশীজনদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

মুতাসিম বিল্লাহ ফারুকী আরও বলেন, সেন্টমার্টিন ভ্রমণে সরকারি শর্তের ব্যত্যয় ঠেকাতে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

জাহাজ চলাচল শুরুর বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পাওয়া গেছে। আরও সাতটি জাহাজের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া জাহাজগুলো চলাচলের উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, এ বছর জাহাজ চলাচলের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পেয়েছে। তবে অন্যান্য কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব কাজ শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট এবং শহরের সুগন্ধা পয়েন্টে দি সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকে পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসন ও পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button