ধর্ম

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়া উত্তম?

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরে নির্ধারিত ১২ রাকাত সুন্নত নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। শরিয়তের পরিভাষায় সুন্নত বলতে এমন আমলকে বোঝায়, যা রাসুলুল্লাহ (সা.) নিয়মিত পালন করেছেন এবং যা ফরজ বা ওয়াজিবের মতো অপরিহার্য নয়। তবে এসব আমলের গুরুত্ব ও ফজিলত রয়েছে।

সুন্নত ও নফল নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন ফরজ নামাজে কোনো ঘাটতি পাওয়া গেলে নফল নামাজের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সে সফলতা ও মুক্তি লাভ করবে। আর নামাজের হিসাব সঠিক না হলে সে ক্ষতিগ্রস্ত হবে।

হিসাবের সময় ফরজ নামাজে ঘাটতি পাওয়া গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, তাঁর বান্দার কোনো নফল নামাজ আছে কি না, তা দেখতে। নফল নামাজ থাকলে তা দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্য আমলের হিসাব নেওয়া হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৭০)

ফরজ নামাজের পর স্থান পরিবর্তন করা কি উত্তম?

ফরজ নামাজ আদায়ের পর সম্ভব হলে কিছুটা সরে গিয়ে সুন্নত বা নফল নামাজ আদায় করা উত্তম। সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), আবদুল্লাহ ইবনে উমর (রা.)-সহ কয়েকজন সাহাবির সূত্রে বর্ণিত হয়েছে, যে স্থানে ফরজ নামাজ আদায় করা হয়েছে, স্থান পরিবর্তন না করা পর্যন্ত সেখানে নফল নামাজ আদায় না করাই উচিত। এ বর্ণনা রয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা গ্রন্থে।

তবে ফরজ নামাজের একই স্থানে সুন্নত বা নফল নামাজ আদায় করা নিষিদ্ধ নয়। এ বিষয়ে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর একটি বর্ণনা রয়েছে। তাঁকে এমন ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনি ফরজ নামাজ আদায়ের পর একই স্থানে নফল নামাজ পড়েন। জবাবে তিনি বলেন, এতে কোনো অসুবিধা নেই। বর্ণনাটি মুসান্নাফে ইবনে আবি শাইবা গ্রন্থে উল্লেখ রয়েছে।

ইসলামি আইনবিদদের মত কী?

ইসলামি আইনবিদ ইবনে আবেদীন (রহ.) বলেছেন, জামাতে নামাজ আদায়কারী মুক্তাদি কিংবা একাকী নামাজ আদায়কারী ব্যক্তি ফরজ নামাজের স্থানেই অবস্থান করে নফল নামাজ আদায় করলে তা জায়েজ। তবে অন্য স্থানে গিয়ে নফল নামাজ আদায় করা উত্তম।

অর্থাৎ, ফরজ নামাজ আদায়ের পর স্থান পরিবর্তন করে সুন্নত বা নফল নামাজ পড়ার সুযোগ থাকলে তা করা ভালো। তবে একই স্থানে সুন্নত নামাজ আদায় করলেও তা জায়েজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button