
অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, নগরবাসীর চলাচলের পথ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
অভিযান চলাকালে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় দোকানের মালামালও জব্দ করা হয়। অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলে জানায় ডিএসসিসি।
আবদুস সালাম বলেন, যতবার অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান চালানো হবে। এ বিষয়ে একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে কেউ অবৈধভাবে বসলে তাঁর মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারও করা হবে।
নগরবাসীর চাওয়া ও সাধারণ মানুষের দাবির ভিত্তিতে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার নাগরিকেরা কী চান, তা বিবেচনায় নিয়ে এ বিষয়ে জনমত তৈরি করতে হবে।
তিনি বলেন, সারা দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে আসা সব মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। অন্যদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।
আবদুস সালাম বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই।’



