আন্তর্জাতিক

মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিসরের রাজধানী কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মিসরের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, গিজা থেকে ফায়ুমের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে কায়রো-আপার ইজিপ্ট রেলপথে চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তবে কখন নাগাদ ওই পথে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। পৃথক এক বিবৃতিতে তিনি বলেছেন, তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে।

দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার পেছনে থাকা কারিগরি কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কীভাবে একই রেলপথে চলাচলরত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ সুদানে আরএসএফের হয়ে যুদ্ধ করেছেন কলম্বীয় ভাড়াটে যোদ্ধারা

মিসরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম পুরোনো এবং বৃহৎ রেল যোগাযোগব্যবস্থা রয়েছে। তবে দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটে এমন রেল দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সমস্যার প্রেক্ষাপটে রেলব্যবস্থার আধুনিকায়নে কয়েক বিলিয়ন মিসরীয় পাউন্ড বিনিয়োগ করছে সরকার।

দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি যাত্রীবাহী ট্রেনের ৭ টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অন্তত ৩৬০ জন নিহত হন।

সূত্র: রয়টার্স,এএফপি

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button