প্রবাস

সৌদিতে বড় অভিযান, এক সপ্তাহে দেশে ফেরত প্রায় ১০ হাজার প্রবাসী!

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত অভিযানে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধ শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৬৭৮ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা তাঁদের নিয়োগের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করলে কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুনঃ কর্মস্থলে প্রবাসীর মৃত্যু হলে পরিবার কী কী ক্ষতিপূরণ পেতে পারে?

এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হতে পারে। একই সঙ্গে আইন লঙ্ঘনের ঘটনা দেখলে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদির অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button