নেদারল্যান্ডসের কোম্পানির নামে ভুয়া চাকরির প্রস্তাব,যেভাবে ফাঁদে ফেলত প্রতারকরা
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে চাকরির প্রলোভন ও বিনিয়োগের প্রস্তাব দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন প্রতারক চক্রের ব্যবহৃত টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুর জেলার কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)।
সিআইডির তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘Withlocals’-এর ওয়েবসাইট নকল করে একটি ক্লোন ওয়েবসাইট তৈরি করে। ওই ওয়েবসাইট ব্যবহার করে মামলার বাদী ফিরোজ কায়সারকে প্রতিষ্ঠানটির নামে চাকরির প্রস্তাব দেওয়া হয়।
প্রথমে বাদীর বিশ্বাস অর্জনের জন্য তাঁকে ৯০০ টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে তাঁকে মোট ৩৪ হাজার টাকা প্রদান করা হয়। এভাবে আস্থা অর্জনের পর ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাঁকে অর্থ বিনিয়োগে উৎসাহিত করে প্রতারক চক্রটি।
চক্রটির প্রস্তাবে সাড়া দিয়ে ফিরোজ কায়সার বিভিন্ন সময়ে মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ঢাকার পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ২। এতে দণ্ডবিধির ৩৪, ১০৯, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত করতে গিয়ে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। গ্রুপটিতে মোট ৬ জন সদস্য ছিলেন। গ্রেপ্তার মাহফুজ আলী গ্রুপটির অ্যাডমিন এবং আব্দুল আলিম ছিলেন এর অন্যতম সদস্য।
প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইন প্রতারণার শিকার হতে পারেন এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতেন। পাশাপাশি কোন ব্যক্তিকে দিয়ে কত টাকা বিনিয়োগ করানো হবে, সে বিষয়েও প্রাথমিক পরিকল্পনা করতেন তাঁরা।
তদন্তে পাওয়া তথ্য এবং মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার সূত্র ধরে একই এলাকা থেকে গ্রুপটির আরেক সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, এই মামলায় এর আগে আরও ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুনঃ গ্রিস যাওয়ার পথে সাগরে মৃত্যুর মুখে ৬৫ বাংলাদেশি, শেষ পর্যন্ত ঠাঁই মিশরের কারাগারে!
এ ছাড়া আগে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ২ আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।
সিআইডির এই তথ্য অনুযায়ী, ভুয়া ওয়েবসাইট, চাকরির প্রলোভন এবং প্রাথমিকভাবে টাকা দিয়ে বিশ্বাস অর্জনের কৌশল ব্যবহার করে অনলাইন প্রতারণা চালানো হচ্ছিল।
তাই অনলাইনে চাকরি বা বিনিয়োগের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও পরিচয় যাচাই না করে অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকা জরুরি।



