Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসবাণিজ্য

অক্টোবরের ২৮ দিনে ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার প্রবাসী আয়

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৩৪ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩১ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা দেখা গেছে। গত ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

এর আগে, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অক্টোবর মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স আসার ধারাবাহিকতা বজায় থাকলে মাস শেষে মোট প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়বে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button